চমক রেখে অস্ট্রেলিয়ার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

Date: 2026-05-13
news-banner

ইংল্যান্ড ও ওয়েলসে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

১১ জুন শুরু হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টে দল গঠন নিয়ে আলোচনার জন্ম দিয়েছে নির্বাচকদের একটি সিদ্ধান্ত—অভিজ্ঞ পেসার ডার্সি ব্রাউনকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের বিশ্বকাপ দলে থাকা ব্রাউন অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মাত্র ২০ বছর বয়সী বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া হ্যামিল্টন এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ।

দলে পরিবর্তন প্রসঙ্গে প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, কন্ডিশন ও দলের ভারসাম্য বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, ছয়জন ডানহাতি পেসার থাকায় ইংল্যান্ডের কন্ডিশনে বৈচিত্র্য আনতে বাঁহাতি পেসারের প্রয়োজন ছিল, সেই কারণেই হ্যামিল্টনকে সুযোগ দেওয়া হয়েছে।

চোট কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার ও অধিনায়ক সোফি মলিনিউ। অভিজ্ঞতার দিক থেকে দলে আছেন এলিস পেরি, বেথ মুনি, অ্যাশ গার্ডনার ও তাহলিয়া ম্যাকগ্রার মতো তারকারা।

অস্ট্রেলিয়া রয়েছে ‘গ্রুপ ওয়ান’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। আগামী ১৩ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

অস্ট্রেলিয়ার ঘোষিত দল:
সোফি মলিনিউ (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, গ্রেস হ্যারিস, আলানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়্যারহ্যাম।

রিজার্ভ: তাহলিয়া উইলসন।

Leave Your Comments