ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে বড় অগ্রগতি করেছে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় তুলে নেয় টাইগাররা। এতে টেবিলের অষ্টম স্থান থেকে এক লাফে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১২ মে) টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। তবে লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়। ফলে ১০৪ রানের বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এই জয়ের নায়ক ছিলেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে একাই পাঁচ উইকেট শিকার করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগে তিন ম্যাচে এক ড্র ও এক হারে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ছিল ১৬.৬৭। পাকিস্তানকে হারানোর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৪৪.৪৪, ফলে তারা উঠে এসেছে ষষ্ঠ স্থানে।
অন্যদিকে এই হারের পর পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। তিন ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ এখন ৩৩.৩৩।
টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, আট ম্যাচে সাত জয় ও এক হারে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, চতুর্থ স্থানে শ্রীলঙ্কা এবং পঞ্চম স্থানে ভারত।
এই জয়ের ফলে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানে নতুন করে আত্মবিশ্বাস ফিরে এসেছে।