কেরানীগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত

Date: 2026-05-13
news-banner

ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিম (১৫) ও রাজন (১৪) নামে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারগেন্ডারিয়া এলাকার ইদু মিয়ার ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের তেঘরিয়া যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে চার বন্ধু একটি অটোরিকশা নিয়ে চা পান করতে হাসনাবাদের দিকে যাচ্ছিলেন। পথে তেঘরিয়া এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাদিম ও রাজন নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments