যৌতুক মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী

Date: 2026-05-13
news-banner

৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, তানভীর রাহীর পক্ষে তাঁর আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। এ সময় তানভীর রাহী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই একটি করোলা ক্রস গাড়ি কেনার জন্য স্ত্রীর পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন তানভীর রাহী।

অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি যৌতুকের টাকা চেয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ৯৯৯-এ কল করলে পুলিশের পরামর্শে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ ছাড়া ১ মার্চ রাতে আজিমপুর নিউ পল্টন এলাকায় স্ত্রী ও তাঁর মায়ের সামনে আবারও ৫০ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা না দিলে তালাক এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে মামলায় দাবি করা হয়েছে।

পরে ভুক্তভোগী নারী যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা দায়ের করেন।

Leave Your Comments