রিকশাচালক রিপন হত্যায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীরকে, হুইলচেয়ারে আদালতে

Date: 2026-05-13
news-banner

রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব মো. জাহাঙ্গীর আলম–কে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের লালবাগ জোনের পরিদর্শক মোহসীন উদ্দিন আসামির উপস্থিতিতে আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে অসুস্থ জাহাঙ্গীর আলমকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করলে পরে আবার কারাগারে নেওয়া হয়।

আইনজীবী ফারজানা ইয়াসমিন দাবি করেন, সাবেক সচিব গুরুতর অসুস্থ এবং তাকে হয়রানির উদ্দেশ্যে আদালতে আনা হয়েছে। তিনি বলেন, মামলাটি ২০২৪ সালের হলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। দায়িত্ব পালনের সময় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করলেও পরবর্তী সময়ে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে রাজধানীর সদরঘাট ডিআইটি বাজার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের সময় রিপনের গলায় গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিপনের স্ত্রী কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

Leave Your Comments