জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হামলায় মাদ্রাসাশিক্ষক নিহত

Date: 2026-05-13
news-banner

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের জান মুহাম্মদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম (৫৫) স্থানীয় একটি মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। তিনি পাঁচ সন্তানের জনক এবং চরম্বা জামিউল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেমের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের ছেলে ফোরকান আহমদের অভিযোগ, তাঁর বাবার চাচাতো ভাই শামসু ও হারুনসহ কয়েকজন আত্মীয় ৩০ থেকে ৪০ জন শ্রমিক নিয়ে তাদের জায়গায় ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে তাঁর বাবা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে গুরুতর আহত অবস্থায় আবুল কাশেমকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এজাজুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave Your Comments