রাজধানীর মিরপুর বিভাগে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিনভর মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল এবং চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ৫০ জন, পল্লবী থানা থেকে ২৪ জন, কাফরুল থানা থেকে ১৫ জন, শাহআলী থানা থেকে ১৬ জন, দারুস সালাম থানা থেকে ৪৪ জন, ভাষানটেক থানা থেকে ১০ জন এবং রূপনগর থানা থেকে ১৬ জন রয়েছেন।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে।