সুন্দরবনে দস্যুদের সঙ্গে বন বিভাগের কর্মীদের গোলাগুলি, হাত–পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার

Date: 2026-05-13
news-banner

সুন্দরবনে টহলরত বন বিভাগের সদস্যদের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দস্যুদের ব্যবহৃত একটি দ্রুতগতির ট্রলার থেকে হাত–পা বাঁধা অবস্থায় চার জেলেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির আওতাধীন সিঙারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান ও হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম এবং দাকোপ উপজেলার ইরাক শেখ। তাঁদের দাবি, বনদস্যু শরীফ বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করেছিল।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম জানান, সিঙারটেক খালের মুখে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে বন বিভাগের দুটি টহল দল এগিয়ে যায়। এ সময় ট্রলার থেকে বনরক্ষীদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

তিনি বলেন, পরে শেলারচর টহল ফাঁড়ি টিম ও শরণখোলা স্মার্ট প্যাট্রোলিং টিম যৌথভাবে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দস্যুরা ট্রলার ছেড়ে বনের ভেতরে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, গুলি এবং দস্যুদের ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, উদ্ধার হওয়া জেলেদের শেলারচর টহল ফাঁড়িতে রাখা হয়েছে এবং তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave Your Comments