রাজশাহীর বাগমারায় চুরি হওয়া একটি বাছুর উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়। পরে মালিকানা যাচাই করতে গাভিকে আনা হলে বাছুরটি ছুটে গিয়ে দুধ পান শুরু করে। এরপরই নিশ্চিত হওয়া যায় প্রকৃত মালিকের পরিচয়।
বুধবার দুপুরে উপজেলার কাচারী কোয়ালীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে একটি ব্যাটারিচালিত রিকশায় কয়েকজন ব্যক্তি দুই থেকে তিন মাস বয়সী একটি এঁড়ে বাছুর নিয়ে যাচ্ছিলেন। ঢেকরতলা মোড় এলাকায় এসে তারা বাছুরটি ফেলে রেখে চলে যান।
পরে স্থানীয় শিশু-কিশোররা বাছুরটি উদ্ধার করে কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাছুরটির দেখভালের ব্যবস্থা করেন এবং মালিকের সন্ধানে এলাকায় মাইকিং করা হয়।
খবর পেয়ে পাশের বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের বাসিন্দা আকরাম হোসেন এসে বাছুরটি নিজের বলে দাবি করেন। তবে বিষয়টি নিশ্চিত হতে তাঁকে গাভিটি নিয়ে আসতে বলা হয়।
বিকেল তিনটার দিকে গাভিটিকে পরিষদ কার্যালয়ে আনা হলে বাছুরটি ডাকাডাকি শুরু করে এবং দৌড়ে গিয়ে দুধ পান করতে থাকে। পরে উপস্থিত সবাই নিশ্চিত হন যে আকরাম হোসেনই বাছুরটির প্রকৃত মালিক।
আকরাম হোসেন জানান, দুপুর থেকে বাছুরটি নিখোঁজ ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইউনিয়ন পরিষদে এসে সেটি শনাক্ত করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, প্রকৃত মালিককে শনাক্ত করার পর তাঁর কাছেই বাছুরটি হস্তান্তর করা হয়েছে।