চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রাস্তার পাশে ধান শুকানোকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ভাতিজা নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ হাসান (৩২)।
মঙ্গলবার উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও মাধবীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত হাসান একই এলাকার বশির আহমদের ছেলে। অভিযুক্ত চাচা নাছির উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের সড়কে এক গৃহিণী ধান শুকাতে দিলে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে—এ অভিযোগ তুলে প্রথমে প্রতিবেশীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে সেই বিরোধে দুই ভাই ও তাঁদের পরিবারের সদস্যরা জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষে ধারালো কিরিচের আঘাতে গুরুতর আহত হন হাসান।
পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল বলেন, পারিবারিক বিরোধ থেকেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার পর দুই পরিবারের সদস্যদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক জানান, ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।