মহাসড়কের অংশ দখল করে গড়ে ওঠা ‘সাহানারা বেগম শিশুপার্ক’ উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান

Date: 2026-05-13
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ

বরিশাল-ঢাকা-কুয়াকাটা মহাসড়কের একাংশ দখল করে নির্মিত বিতর্কিত ‘সাহানারা বেগম শিশুপার্ক’ উচ্ছেদে অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

বুধবার (১৩ মে) সকাল থেকে সিটি করপোরেশনের উদ্যোগে বুলডোজার দিয়ে স্থাপনার অপসারণ কার্যক্রম শুরু হয়। এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২২ সালে নগরের সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায় বরিশাল-ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে পার্কটি নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সময় সরকারি অনুমোদন ছাড়াই মহাসড়কের একটি অংশ দখল করে এই পার্ক গড়ে তোলা হয়। পরবর্তীতে তা তাঁর প্রয়াত মায়ের নামে নামকরণ করা হয়।

সংশ্লিষ্ট সড়ক ও জনপথ (সওজ) বিভাগসহ দায়িত্বশীল কর্তৃপক্ষ সে সময় কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলে স্থানীয়ভাবে জানা যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও স্থায়ী সমাধান হয়নি।

২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় জনগণের একাংশ পার্কটির কিছু অংশে ভাঙচুর চালায়। এতে স্থাপনাটির অবশিষ্ট অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে যায় এবং মহাসড়কে চলাচলের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়।

অভিযান চলাকালে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে মহাসড়কের দখলকৃত অংশ উচ্ছেদ করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারি ও জনগণের জমি দখল করে স্থাপনা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উচ্ছেদ কার্যক্রম শেষে পুরো এলাকাটি মহাসড়কের মূল অবকাঠামোর অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

Leave Your Comments