আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর অন্যতম সামাজিক সংগঠন ‘দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থা’র ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। নবগঠিত এই কমিটিতে এনায়েত হোসেন মোহন সভাপতি এবং মোঃ সাইদুর রহমান রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ যাচাই-বাছাই শেষে গত ১২ মে জেলা সমাজসেবা কার্যালয় এই কমিটির অনুমোদন প্রদান করে। পটুয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. শাহজাদা, জেলা রেজিস্ট্রেশন অফিসার মাহবুবুর রহমান এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিউল্লাহর যৌথ স্বাক্ষরে এই অনুমোদন দেওয়া হয়।
৩১ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ জহিরুল ইসলাম রাসেল এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল আলম। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাফেজ মোঃ নাদিম মাহমুদ, আব্দুর রব সিকদার ও সিলভিয়া সাবরিন। এছাড়া বাকি সদস্যরা সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর ২০২১ সালের ৮ জুন সমাজসেবা মন্ত্রণালয় থেকে নিবন্ধন লাভ করে সংস্থাটি। ২০২৫ সালের জুন মাসে পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হলে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। ওই বছরের ২০ অক্টোবর নতুন কমিটির প্রস্তাব জমা দেওয়া হলে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ১২ মে চূড়ান্ত অনুমোদন পায়।
নবনির্বাচিত সভাপতি এনায়েত হোসেন মোহন বলেন, “২০২১ সাল থেকে আমি এক নম্বর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। সংগঠনটি পটুয়াখালীর একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া সাইদুর রহমান রাজু বলেন, “অসহায় মানুষের পাশে থাকার যে অঙ্গীকার নিয়ে আমরা পথ চলছি, আগামীতেও সেই কার্যক্রম অব্যাহত থাকবে।”
কার্যনির্বাহী সদস্য সিলভিয়া সাবরিন এবং হাফেজ মোঃ নাদিম মাহমুদ প্রথমবারের মতো কমিটিতে স্থান পাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সংগঠনটিকে আরও মানবিক ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থা পটুয়াখালী অঞ্চলে বিভিন্ন জনহিতকর ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুনাম অর্জন করেছে। নতুন এই কমিটি আগামী দিনগুলোতে সমাজকল্যাণমূলক কাজকে আরও জনমুখী করবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের সদস্যরা।