সোনারগাঁয়ে ডাকাতির পর ব্যবসায়ীকে হত্যা,

Date: 2026-05-14
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুতিশপুর গ্রামে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। এটি ডাকাতির ঘটনা নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসু আক্তার আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুতিশপুর গ্রামের মৃত গাজীউল রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কে বা কারা নজরুল ইসলামের বাড়ির দেয়াল টপকে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার স্ত্রী নাসু আক্তারকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, নজরুল ইসলামের দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। কয়েক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার একমাত্র ছেলে মারা যায়। বর্তমানে তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের একটি টিনশেড বাড়িতে বসবাস করতেন। তিনি সুতা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সামান্য আয়েই চলত তাদের সংসার। বসতভিটা ছাড়া তেমন কোনো অর্থ-সম্পদও ছিল না বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, নজরুল ইসলামের বাড়িটি কিছুটা নির্জন স্থানে হওয়ায় ঘটনার সময় আশপাশের কেউ কিছু টের পায়নি। তবে বাড়ির দরজা-জানালা ও অন্যান্য আলামত দেখে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন তারা। এটি সাধারণ ডাকাতির ঘটনা নাকি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহত নাসু আক্তার অসুস্থ থাকায় তার কাছ থেকেও বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি। তিনি সুস্থ হলে ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার সাবাহ নিউজকে বলেন, প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। গুরুত্বসহকারে তদন্ত চলমান। বিস্তারিত পরে বলা সম্ভব হবে।

Leave Your Comments