২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

Date: 2026-05-14
news-banner

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই ২০২৭। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক এ তথ্য জানান।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনা ছিল ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই আয়োজন করার। তবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা–সংশ্লিষ্ট অংশীজনেরা হঠাৎ করে ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়ার বিরোধিতা করেন। তাঁদের মতামত ছিল, এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে আয়োজন করাই শিক্ষার্থীদের জন্য বেশি উপযোগী হবে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়ও একই ধরনের মতামত উঠে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিক্ষা বোর্ডগুলো এখন জানুয়ারি ও জুনের সূচি অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। তবে ভবিষ্যতে পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষাগুলো আবার ডিসেম্বর মাসে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিন ধরে দেশে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু করোনা মহামারির পর সেই নিয়মিত সূচিতে বড় ধরনের পরিবর্তন আসে। ফলে পরীক্ষা পেছাতে পেছাতে বর্তমানে নতুন সময়সূচি অনুসরণ করা হচ্ছে। চলতি বছর ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে জুলাই মাসে।

Leave Your Comments