রাজধানীর উত্তরা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)। ঢাকা মহানগর পুলিশ–এর গোয়েন্দা বিভাগ (ডিবি) জানিয়েছে, ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট ও বিপণিবিতানে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল আন্তজেলা এই চক্রটির।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উত্তরা পূর্ব থানা এলাকার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে অভিযান চালিয়ে মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট ও ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আরও ৩০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
ডিবি জানায়, অভিযানে একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, সোনালি রঙের ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ এবং জলছাপযুক্ত সাদা কাগজসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি। তাঁদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।