উত্তরা ও তুরাগে ‘অনলাইন জুয়া চক্রের’ ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯: ডিবি

Date: 2026-05-14
news-banner

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ–এর গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁদের বিরুদ্ধে অনলাইন জুয়া পরিচালনা, প্রতারণা ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

বুধবার সকালে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছয়জন চীনা নাগরিক—এম এ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিনজি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯) ও জেমস ঝু (৪৩)। এছাড়া বাংলাদেশি নাগরিক মো. কাউসার হোসেন (২৪), মো. আবদুল করিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)কেও গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি জানায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ ও ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার বিজ্ঞাপন এবং ডিপোজিট বোনাসের প্রলোভনের তথ্য পাওয়া যায়। এসব ওয়েবসাইটের মাধ্যমে অল্প সময়ে দ্বিগুণ বা তিনগুণ লাভের আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল।

উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। একই দিনে তুরাগ থানার রূপায়ণ হাউজিং এস্টেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিককে আটক করা হয়।

অভিযানে ৬৪-পোর্ট বিশিষ্ট তিনটি জিএসএম গেটওয়ে মেশিন, ৮-পোর্ট ও ২৫৬-পোর্টের জিএসএম মডিউল মেশিন, প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা, বিদেশি নাগরিকদের পাসপোর্ট ও এনআইডি এবং একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি। তাঁদের বিরুদ্ধে রমনা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করা হয়েছে।

Leave Your Comments