যানজটে থেমে গেল আমিনুলের জীবন, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু

Date: 2026-05-14
news-banner

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ

শহরের যানজটে থামল না শুধু গাড়ি, থেমে গেল এক বাবার জীবন | 
নালিতাবাড়ীতে হাসপাতালে নেওয়ার পথে শ্বাসকষ্টের রোগীর মৃত্যু, ক্ষোভে এলাকাবাসী| 

নালিতাবাড়ী পৌর শহরের দীর্ঘ যানজট আবারও সামনে এনে দিল জনভোগান্তির ভয়াবহ চিত্র। শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগীকে হাসপাতালে নেওয়ার পথে ঘণ্টাব্যাপী যানজটে আটকে থাকতে হয় স্বজনদের। শেষ পর্যন্ত চিকিৎসা পাওয়ার আগেই ভ্যানগাড়িতেই মারা যান আমিনুল ইসলাম (৪৮)।

তিনি উপজেলার গুজাকুড়া গ্রামের বাসিন্দা ও আবদুল রউফের ছেলে। পরিবার জানায়, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন আমিনুল। মঙ্গলবার হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন স্বজনরা। অ্যাম্বুলেন্স না পেয়ে ভ্যানগাড়িতেই তাকে নিয়ে রওনা দেন তারা।

কিন্তু শহরের আড়াই আনী থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কে তীব্র যানজটে পড়ে রোগীবাহী ভ্যান। চারপাশে আটকে থাকা যানবাহনের মাঝে অসহায় হয়ে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনদের ভাষ্য, কয়েকবার পথ ছাড়ার অনুরোধ করলেও যানজটের কারণে এগোনো সম্ভব হয়নি। একসময় ভ্যানগাড়িতেই নিস্তব্ধ হয়ে পড়েন আমিনুল ইসলাম।

ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি শহরের বেহাল ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রতিদিনের মতো সেদিনও অবৈধ পার্কিং, অটোরিকশার বিশৃঙ্খল চলাচল ও সড়ক দখলের কারণে পুরো শহর অচল হয়ে পড়ে।
স্থানীয় সচেতন মহল বলছে, নালিতাবাড়ী শহরে দ্রুত কার্যকর ট্রাফিক ব্যবস্থা চালু না করলে জরুরি সেবাপ্রার্থীদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

Leave Your Comments