চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় একটি ট্রাক ডিপোতে গোপন জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (দিবাগত রাত) সোয়া ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেলের ট্রাক ডিপোর ভেতরে কয়েকটি দলে ভাগ হয়ে প্রায় ৪০ জন জুয়ার আসরে অংশ নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান টের পেয়ে অধিকাংশ জুয়াড়ি পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন—ট্রাকচালক নাজিম উদ্দিন (৪৮), সিএনজিচালিত অটোরিকশাচালক মো. আজম (২৮) এবং জাহাজভাঙা শ্রমিক কামাল হোসেন (৪৭)। তাঁদের মধ্যে আজমের বাড়ি শীতলপুর এলাকায়, কামালের বাড়ি পাক্কা মসজিদ এলাকায় এবং নাজিমের বাড়ি কদম রসুল এলাকায়।
অভিযানে একটি বিশেষ ঘটনা নজর কাড়ে। প্রশাসনের দাবি অনুযায়ী, আটক কামাল হোসেন তাঁর মেয়ের রুপার নূপুর জুয়ার টেবিলে নিয়ে আসেন। ইউএনওর ভাষ্য অনুযায়ী, মেয়েটি সেই গয়না ফেরত পেতে কান্নাকাটি করছিল।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ। সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নূপুরটি রুপার নয়, বরং সিসার তৈরি ছিল। তাঁর দাবি, কামাল হোসেন মেলা থেকে কেনা ওই নূপুর জুয়ার আসরে নিয়ে আসেন।
অভিযান চলাকালে নগদ টাকা ও গয়না উদ্ধার করা হয় বলে জানায় প্রশাসন। আটক ব্যক্তিদের পরে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইউএনও ফখরুল ইসলাম বলেন, ট্রাক ডিপোর চারপাশে সিসি ক্যামেরা থাকায় জুয়ারিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এরপর ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়।
স্থানীয়দের মতে, ট্রাক ডিপো এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে জুয়া ও অবৈধ কর্মকাণ্ড চলছিল, তবে এ ধরনের বড় অভিযান এই প্রথম।