প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন। 

Date: 2026-05-15
news-banner

সোনারগাঁও (নারায়নগঞ্জ)প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানামনগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর সামনে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় সংস্কৃতি কর্মী, কবি, লেখক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।সংগঠনটির আহ্বায়ক কবি ও সংস্কৃতি কর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক পানাম নগরীকে ঘিরে ছিল পঙ্খিরাজ নদী যা এখন পঙ্খিরাজ খাল হিসেবে পরিচিত। এ নদী ছিল প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে যাতায়াতের অন্যতম মাধ্যম। এটি ব্যবহার করেই প্রাচ্য ও প্রাশ্চাত্যে বিশ্বখ্যাত মসলিন কাপড় রপ্তানি করা হতো। বর্তমানে নদী দখলের কারণে বিলুপ্তি পথে। 

দ্রুত এ ঐতিহাসিক নদীটিকে পূণরখনন করে সংরক্ষণের দাবী জানানো হয় মানববন্ধনে।

বক্তারা আরও বলেন,  সোনারগাঁওয়ে পঙ্খিরাজ নদীসহ অন্যান্য খাল ও জলাশয়গুলো ভরাট ও দখলের কারণে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। এ সংকট নিরসনে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন সেজন্য সংগঠনের পক্ষ থেকে জোড় দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো.মতিউর রহমান, সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান,  উদীচীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান,  শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক,  সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান,  লেখক ও সাংবাদিক গাজী মোবারক,  দেশ বার্তা  পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি  এরশাদ হুসাইন অন্য ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী প্রমূখ।

Leave Your Comments