গজারিয়ায় আমানাহ ২৪ ফাউন্ডেশন এর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা

Date: 2026-05-15
news-banner

স্টাফ রিপোর্টার: 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দীতে আমানাহ ২৪ ফাউন্ডেশন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বালুয়াকান্দী শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেঘনা ভিলেজ পার্কের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আমানাহ ২৪ সংগঠনের সভাপতি এবিএম বাইজিদ হক আসফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকরাম প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ভিপি মাসুম, ইসহাক আলী ও মাসুদ ফারুক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব রুহুল আমিন সরকার, কৃষকদলের সদস্যসচিব তোফাজ্জল হোসেন সরকার, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন, বালুয়াকান্দী ইউপি সদস্য মোশারফ মেম্বার এবং ইউপি চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন লাভলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকাসক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave Your Comments