আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন ও ভেজাল কোমল পানীয় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় জব্দসহ কারখানার মালিককে এক লক্ষ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে কারখানাটি সিলগালা করে দেয় প্রশাসন।
আজ (১৫ মে) শুক্রবার কলাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন একটি ভাড়া বাসার নিচতলায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কাউছার হামিদ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ভাড়া বাসায় গড়ে ওঠা অবৈধ কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে সম্পূর্ণ অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ৩,৭২০ পিস ভেজাল কোমল পানীয় "ড্রিংকোর" জব্দ করা হয়।
পরবর্তীতে আইন অমান্য করে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানের মালিককে এক লক্ষ টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ভেজাল পণ্যের কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, "জনস্বাস্থ্যের সুরক্ষায় ভেজাল ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কলাপাড়া উপজেলার কোথাও যদি এমন কোনো অবৈধ ও ভেজাল পণ্যের কারখানা গড়ে ওঠে, তবে তা অবিলম্বে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সচেতন নাগরিকদের অনুরোধ জানাচ্ছি।