আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় ১৫০০ পিস ইয়াবাসহ এক নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের একটি বসত বাড়ি থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রোকেয়া বেগম (৪৭), মোঃ ইমন মিয়াজী (২৩), মোঃ শাকিল সরদার (১৯) ও মোঃ রিয়াদ মাহমুদ ইভান (২৫)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭,২৯০ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ জন পালিয়ে গেলেও এই চারজনকে ১৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পালিয়ে যাওয়া আসামীরা হলেন— মোঃ সালাউদ্দিন, মোঃ হাসান কাজী, মোঃ বেল্লাল হোসেন ও মোঃ সুমন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এই অঞ্চলকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হচ্ছে এবং এই চক্রের পলাতক আসামীদের সহ নেপথ্যে থাকা বাকি গডফাদারদের আইনের আওতায় আনতে আমাদের চিরুনি অভিযান চলছে।"