কলাপাড়ায় জেলেদের ২৬ বস্তা সরকারি চাল উদ্ধার

Date: 2026-05-16
news-banner

আব্দুল কাইয়ুম আরজু, ​পটুয়াখালী প্রতিনিধি: 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় হতদরিদ্র জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে অভিযান চালিয়ে ২৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

​শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ‘ইতালি বাড়ি’ নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা ইমরান হোসেনের বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুত রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ দ্রুত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইমরান হোসেনের বাসা থেকে ২৬ বস্তা জেলেদের বিশেষ বরাদ্দকৃত চাল এবং চাল সরিয়ে ফেলা ২৪টি খালি বস্তা উদ্ধার করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে সরকারি সিলযুক্ত বস্তায় থাকা এই চাল উদ্ধার করেছি। সরকারি সম্পদ আত্মসাৎ বা অবৈধ মজুতের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
​সরকারি চাল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

Leave Your Comments