এত নিম্নমানের কাজ আগে দেখিনি’: ব্রিজের উদ্বোধন করতে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Date: 2026-05-16
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি নবনির্মিত ব্রিজের উদ্বোধন করতে গিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ| নিম্নমানের নির্মাণশৈলী এবং সংযোগ সড়কের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "ব্রিজের এত নিম্নমানের কাজ আমি আগে দেখিনি| তারেক রহমানের সরকারের আমলে এমন নিম্নমানের কাজ আমরা কোনোভাবেই বরদাস্ত করব না| তদন্ত করে দোষী ব্যক্তিদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে|"

শনিবার (১৬ মে) পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে কালিয়াগঞ্জ হাট হতে ধরধরাহাট সড়কে টাঙ্গন নদীর ওপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রিজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন| উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের ধরধরা বাজার সংলগ্ন টাংগন নদীর উপর এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে|

উদ্বোধন শেষে ব্রিজের দুপাশের রাস্তা ও কাজের মান দেখে ক্ষোভে ফেটে পড়েন প্রতিমন্ত্রী| তিনি বলেন, "ব্রিজ আছে, অথচ ব্রিজের একধারে কোনো রাস্তা নেই, একটা ভ্যান যাওয়ার মতো রাস্তাও রাখা হয়নি—এটা কীভাবে সম্ভব? আর অন্য পাশে রাস্তা থাকলেও, ব্রিজের প্রস্থ যেখানে ১৮ ফুট, সেখানে রাস্তার প্রস্থ মাত্র ১২ ফুট,  ফলে দুটি গাড়ি সেখানে একে অপরকে অতিক্রম করতে পারবে না|"

এই অব্যবস্থাপনার জন্য প্রকৌশলী ও ঠিকাদার উভয়কেই দায়ী করে ফরহাদ হোসেন আজাদ বলেন, "কাজের এই বেহাল দশার কথা আমি আগে জানলে এটি উদ্বোধন করতে আসতাম না| আমি এলজিআরডি মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব, যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়|"
তবে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী| তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে এবং ব্রিজের সংযোগ সড়কের (অ্যাপ্রোচ রোড) কাজ সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে|

Leave Your Comments