লামা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হায়দারনাশী এলাকার মোহাম্মদ আলমের ছেলের সঙ্গে একই এলাকার নুরুল ইসলামের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি মেয়ের ভাই সাইদুল ইসলাম জানতে পেরে ওই যুবককে তার বোনের সঙ্গে সম্পর্ক না রাখতে সতর্ক করেন।
অভিযোগ রয়েছে, সতর্ক করার পরও সম্পর্ক অব্যাহত থাকায় সাইদুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ফাঁসিয়াখালী ইউনিয়নের অংশার ঝিরি নামক পাহাড়ি এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই যুবককে ধরে নিয়ে বেধড়ক মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।