নালিতাবাড়ী ও হালুয়াঘাট সীমান্তে অভিযানে ৩৯৩ বোতল মদ জব্দ

Date: 2026-05-17
news-banner

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ

ঈদকে সামনে রেখে সীমান্তজুড়ে সক্রিয় হয়ে ওঠা চোরাকারবারীদের বড় একটি চালান ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শেরপুরের নালিতাবাড়ী ও পার্শ্ববর্তী হালুয়াঘাট সীমান্তে পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে ৩৯৩ বোতল ভারতীয় মদ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

রবিবার (১৭ মে) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন হলদিগ্রাম ও কড়ইতলী ক্যাম্পের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।


বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া মধুটিলা সীমান্ত এলাকায়। সেখানে কয়েকজন চোরাকারবারী ভারত থেকে আনা মদের বোতল বস্তাবন্দি করে বহনের প্রস্তুতি নিচ্ছিল। এসময় বিজিবির টহল দল এগিয়ে গেলে তারা দ্রুত অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কয়েকটি বস্তাভর্তি ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এর কিছু সময় পর হালুয়াঘাট উপজেলার কুশপাড়া সীমান্ত এলাকায় আরেকটি অভিযান চালায় কড়ইতলী বিজিবি ক্যাম্প। সেখান থেকেও মালিকবিহীন অবস্থায় আরও বেশ কিছু ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তপথে মাদক ও অবৈধ পণ্য পাচার ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave Your Comments