পটুয়াখালী অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

Date: 2026-05-17
news-banner

আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রবিবার (১৭ মে) বিকেল চারটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রাম সংলগ্ন নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে রাবনাবাদ নদীর তীরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা তাৎক্ষণিকভাবে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। উদ্ধারকালে দেখা যায়, মৃত নারীর শরীর বিবস্ত্র অবস্থায় ছিল এবং পরনে কেবল একটি লাল রঙের সালোয়ার ছিল। তবে মরদেহটি জোয়ারের পানিতে নদী থেকে ভেসে এসেছে, নাকি অন্য কোনো স্থানে হত্যাকাণ্ডের পর এখানে ফেলে যাওয়া হয়েছে— সে বিষয়ে স্থানীয়রা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় মরদেহটি নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। জোয়ার-ভাটায় মরদেহটি কিছুটা বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিক অবস্থায় ওই নারীর নাম-পরিচয় কিংবা মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন সাংবাদিকদের জানান, "খবর পেয়ে আমাদের নৌ-পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। মরদেহের পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য পিবিআই (PBI) এবং সিআইডি (CID) টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ক্রাইম সিন সংগ্রহ ও প্রাথমিক সুরতহাল তদন্ত সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।"

ময়নাতদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি ও পিবিআই) যৌথ তদন্তের পরই ওই নারীর মৃত্যুর প্রকৃত রহস্য এবং পরিচয় উদঘাটিত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

Leave Your Comments