নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি ও এনসিপির মুখোমুখি অবস্থানের পর নগরের গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ। সোমবার সকালে Chattogram Metropolitan Police কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়ক এবং আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশ-১৯৭৮ এর ৩০ ধারার ক্ষমতাবলে জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রবিবার সন্ধ্যায় ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করে National Citizen Party (এনসিপি)। দলটির নেতাদের অভিযোগ, Chattogram City Corporation এর নির্দেশে টাইগারপাস এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কয়েকটি গ্রাফিতির ওপর সাদা ও হলুদ রং করা হয়েছে।
এ অভিযোগের পর টাইগারপাস এলাকায় পাল্টা অবস্থান নেয় Bangladesh Nationalist Party (বিএনপি) নেতা-কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয় এবং একপর্যায়ে সবাইকে সরিয়ে দেয়।
তবে গ্রাফিতি অপসারণের অভিযোগ অস্বীকার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মেয়র শাহাদাত হোসেন কোনো গ্রাফিতি অপসারণের নির্দেশ দেননি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত শিল্পকর্ম সরানোর প্রশ্নই আসে না বলেও দাবি করা হয়।
এরপরও সন্ধ্যায় এনসিপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং চসিকের আমবাগানমুখী প্রবেশপথে বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানান।