নিজস্ব প্রতিনিধি :
Bhanga উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে আরেকটি পিকআপের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে আতাদী সেতুর ওপর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
Bhanga Highway Police সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের পাশে একটি পিকআপ দাঁড় করিয়ে চাকা পরিবর্তনের কাজ চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই চলন্ত পিকআপটির চালক ও তাঁর সহকারী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ভাঙ্গা হাইওয়ে পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত দুটি পিকআপ জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শনিবার একই এক্সপ্রেসওয়ের বামনকান্দা এলাকায় চাকা পরিবর্তনের সময় অজ্ঞাত গাড়ির চাপায় ট্রাকচালক ও তাঁর সহকারী বাবা-ছেলে নিহত হন।