চ্যাটিং অ্যাপে প্রেমের টানে চীন থেকে কিশোরগঞ্জের ইটনায় যুবক, এলাকায় কৌতূহল

Date: 2026-05-18
news-banner

নিজস্ব প্রতিনিধি :

চ্যাটিং অ্যাপে পরিচয়ের পর প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন এক যুবক। ঘটনাটি ঘিরে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

চীনের ওই যুবকের নাম Gao Weiyan (২৫)। তিনি চীনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা এবং সেখানে সহকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে একটি চ্যাটিং অ্যাপের মাধ্যমে ইটনা উপজেলার ঝুমা আক্তারের (১৯) সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং পরে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ১৬ মে বাংলাদেশে আসেন গাও ওয়েইয়ান।

ঝুমা আক্তার কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর মোড়লপাড়ার মো. নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় উৎসুক মানুষের ভিড় বাড়ছে। অনেকে তাঁকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। কেউ এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ ভবিষ্যৎ আইনি ও সামাজিক জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

ঝুমার চাচা শহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে পরিবার আলোচনা করছে এবং উপজেলা প্রশাসনকেও জানানো হয়েছে।

Itna Upazila উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রশাসনের নির্দেশনায় চীনা যুবক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রয়োজন হলে আইনগত সহায়তা দেওয়া হবে।

Leave Your Comments