নিজস্ব প্রতিনিধি :
বগুড়া শহরে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ তরুণের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে।
আটকরা হলেন বগুড়া সদর উপজেলার কাওছার (১৯), বাঁধন (১৯) ও রকি (১৯)।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানিয়েছেন, ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বিবাহিত। অভিযুক্ত তরুণদের সঙ্গে তার পূর্বপরিচয় ও বন্ধুত্ব ছিল।
ঘটনার দিন রাত আটটার দিকে তরুণী শহরের একটি দোকানে গেলে সেখানে কয়েকজন অভিযুক্তের সঙ্গে দেখা হয়। পরে তারা মদ্যপানের পরিকল্পনা করে স্থানীয় একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে রাত সাড়ে ১০টার দিকে একটি নির্মাণাধীন ভবনে যায়।
অভিযোগ অনুযায়ী, সেখানে আরও একজন যোগ দেওয়ার পর মদ্যপানের একপর্যায়ে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে একজন অভিযুক্ত তাকে অন্য স্থানে নিয়ে গেলে তিনি চিৎকার করেন এবং স্থানীয়দের সহায়তা চান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।