পুলক রায়,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ীতে চাঞ্চল্য সৃষ্টি করা শিশু সানজিদা হত্যাকাণ্ডে অভিযুক্ত বিল্লাল হোসেনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নিহত সানজিদা পানিহাটা এলাকার আমিনুল ইসলামের মেয়ে। মা মারা যাওয়ার পর থেকে সে নানির বাড়িতে বসবাস করছিল। গত ৭ মে বিকেলে বাড়ির আশপাশে খেলাধুলার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজের একদিন পর স্থানীয়দের মাধ্যমে পরিবারের কাছে তথ্য আসে, ঘটনার আগে সানজিদাকে সর্বশেষ প্রতিবেশী যুবক বিল্লাল হোসেনের সঙ্গে দেখা গিয়েছিল। পরে সানজিদার খালা সখিনা বেগম এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিল্লালের বাড়িতে যান। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে বিল্লালের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে শিশুটিকে হত্যার কথা স্বীকার করে বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে মরদেহ বাড়ির টয়লেটে রাখা আছে বলেও জানায়।
খবর পেয়ে স্থানীয়রা বিল্লালের বাড়ির টিনশেড টয়লেট থেকে সানজিদার মরদেহ উদ্ধার করেন। পরে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিল বিল্লাল। কয়েকদিনের অভিযান শেষে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক অভিযুক্তকে।|