র‍্যাব এক অর্থে সেভাবে থাকছে না,নামও সম্ভবত পাল্টাচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Date: 2026-05-19
news-banner

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক অর্থে আগের মতো থাকছে না এবং এর নামও সম্ভবত পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।” তিনি আরও জানান, এই ধরনের পরিবর্তনের বিষয়টি সরকারের নীতিগত আলোচনার মধ্যে রয়েছে।

সংবাদ সম্মেলনে সরকারের তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।

বিভিন্ন সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব বিলুপ্তির সুপারিশ এসেছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে।

তিনি আরও বলেন, গতকাল র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন র‍্যাবের জন্য নতুন আইন প্রণয়নের কাজ চলছে।

জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা দরকার, তবে সেটি র‍্যাব নামে হোক বা নতুন নামে হোক, সেটি নতুন আইন ও কাঠামোর আওতায় পরিচালিত হবে।

Leave Your Comments