বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোণাঃ
নেত্রকোনার পূর্বধলায় সরকারি জায়গা দখল করে ঘর তৈরি করার জন্য এবং ঘরের জায়গায় গাছ পড়ে যাওয়ায় সেই গাছের সমস্ত ডালপালা কেটে বাড়ি নিয়ে গেছে প্রভাবশালী চক্র। এমন একটি অভিযোগ উঠেছে মো. শাহারুল ইসলাম, আবু নাঈম, আল আমীন ও জুয়েল'র বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে (১২ অক্টোবর) উপজেলায় হোগলা ইউনিয়নের পাটরা বাজারে।
এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (১৯ অক্টোবর) পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে দেখা যায়, সরকারি যায়গায় ঘর নির্মাণ করার সরঞ্জাম ইট, বালু ও সিমেন্টের পিলার স্থাপন করা রয়েছে। ঐখানে থাকা অনেক বছরের পুরনো গাছের সমস্ত ডালপালা কাটা রয়েছে।
স্থানীয় লিটন মিয়া জানান, গাছের বড় বড় ডাল কাটার সময় শাহারুলদের সাথে তার কথার কাটাকাটি হয় এক পর্যায়ে তিনি পিছিয়ে যান।
পাটরা বাজারের ইজারাদার হেলাল বলেন, গাছের সমস্ত ডাল পালা কেটে প্রভাবশালীদের বাড়িতে নিয়ে যায়। পরে নায়েব সাব এসে বিষয়টি দেখে তাদের বাড়ি থেকে গাছের কাটা অংশ জব্দ করে ইজারাদারের হাওলায় রেখে আসেন।
অভিযুক্ত শাহারুলে'র সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে সেহেতু আইন যা করে তাই হবে। এই বাজারে অনেকেই অবৈধভাবে জায়গা দখল করে ঘর নির্মাণ করেছে তা হলে আমার বেলায় ভিন্নতা আসবে কেন?
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, এই রকম একটি ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। ঐ ঘটনার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গহন করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা থানায় একটি অভিযোগ করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একটি অভিযোগ আসছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।