রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মো. জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন-কে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে তার বিরুদ্ধে ঘটনার পরিকল্পনা ও অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়।
ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. মহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর হত্যা মামলায় এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি হিসেবে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
পরে আসামিপক্ষ তার জামিন আবেদন করে। আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত জাহাঙ্গীরের ভাই মো. ওমর ফারুক যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয় এবং তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।