জামালপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা গ্রামের জাহিদুল ইসলামের দেড় বছর বয়সী ছেলে ইয়ামিন এবং বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর দুই বছর বয়সী ছেলে মোহাম্মদ আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জের বেতেগা গ্রামে ইয়ামিনের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। সম্প্রতি মাটি উত্তোলনের জন্য উঠানের পাশে একটি গর্ত খোঁড়া হয়েছিল, যেখানে বৃষ্টির পানি জমে ছিল। খেলতে খেলতে ওই পানিতে পড়ে শিশুটি ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
অন্যদিকে বকশীগঞ্জ উপজেলার গাজীরপাড়া গ্রামে সকালে রান্নার সময় মোহাম্মদ আলী বাড়ির আঙিনা থেকে পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।