কুমিল্লায় হিজড়া মাহিকে পুড়িয়ে হত্যার নেপথ্যে মাদক, আরেক হিজড়া গ্রেপ্তার: র‍্যাব

Date: 2026-05-19
news-banner

মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও অর্থ ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্য এনামুল হক শিশির ওরফে মাহি-কে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে জহিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার জহিরকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঘটনাটি ঘটে গত ১৩ মে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায়। অভিযোগ অনুযায়ী, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে মাহিকে তার ঘরে হাত-পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ১৭ মে তিনি মারা যান।

পুলিশ ও র‍্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িতরা সবাই স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

এ ঘটনায় মাহির বাবা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে একজন আসামি গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত জহির পলাতক ছিলেন।

র‍্যাব জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave Your Comments