নোয়াখালীর সুবর্ণচরে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শান্তির হাট বাজার এলাকায়।
লুটের শিকার হন কুমিল্লা জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিফাত হোসেন। তিনি ওই এলাকার আজাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে একটি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়িতে করে একদল দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। পরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নেয়।
ঘটনার সময় বাড়িতে থাকা এসআই রিফাত হোসেনের মা ও ছোট বোন বাধা দিলে দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এসআই রিফাত হোসেন জানান, লুট হওয়া সম্পদের মধ্যে ১০ ভরি স্বর্ণালংকার এবং তার ভাইয়ের ব্যবসার নগদ ৬ লাখ টাকা ছিল।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।