ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগের অধীনে টিকা বহনকারী (পোর্টার) কর্মীরা দীর্ঘ ১০ মাস ধরে বেতন না পাওয়ায় চরম মানবেতর জীবনযাপন করছেন। এতে তাদের পরিবার ও সন্তানদের শিক্ষাজীবনও অনিশ্চয়তায় পড়েছে।
জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার বাসিন্দা নাহিদ মিয়া জানান, সংসারের একমাত্র আয়ের উৎস টিকা বহনকারীর চাকরি হলেও গত ১০ মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন, নির্ধারিত দায়িত্ব অনুযায়ী নিয়মিত টিকা পরিবহন করলেও পারিশ্রমিক না পাওয়ায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৭০ হাজার টাকা ঋণ হয়েছে বলেও জানান তিনি।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ২৭ জন টিকা বহনকারী অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন, যাদের কেউ কেউ দীর্ঘদিন ধরে এ দায়িত্ব পালন করে আসছেন।
ব্রাহ্মণবাড়িয়া পোর্টার সমিতির সভাপতি শামীম মিয়া বলেন, দীর্ঘদিন বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নোমান মিয়া জানান, সংশ্লিষ্ট প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় অর্থ সংকট তৈরি হয়েছে। মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে এবং অর্থ ছাড় হলে বকেয়া পরিশোধ করা হবে।