বরিশালে বাড়ছে হামের প্রকোপ, বিভাগীয় হাসপাতালে রোগীর চাপ চরমে

Date: 2026-05-19
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ 

বরিশাল বিভাগে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে রোগীর চাপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। উপজেলা পর্যায়ে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও অনেক অভিভাবক সরাসরি শহরের বড় হাসপাতালে শিশুদের নিয়ে আসায় হাসপাতালগুলোতে সৃষ্টি হয়েছে অতিরিক্ত ভিড়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতাল-এ প্রতিদিন হাম আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শয্যা সংকটের কারণে অনেক রোগীকে বারান্দা ও অতিরিক্ত জায়গায় চিকিৎসা দিতে হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বরিশালের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা থাকলেও অনেক অভিভাবক স্থানীয় হাসপাতালের পরিবর্তে সরাসরি বিভাগীয় শহরে চলে আসছেন। এতে উপজেলা হাসপাতালগুলো তুলনামূলক ফাঁকা থাকলেও নগরীর বড় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে কয়েকগুণ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত বরিশালের নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬৭ জন। এর মধ্যে নতুন ভর্তি ৯ জন। বিপরীতে একই দিনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি হয়েছে ১২০ জন। আগের দুই দিনেও রোগীর সংখ্যা ছিল শতাধিক।
একইভাবে বরিশাল জেনারেল হাসপাতাল-এও প্রতিদিন কয়েক ডজন হাম আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। 

হাসপাতালের আবাসিক চিকিৎসক মলয় কৃষ্ণ বড়াল জানান, ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সম্প্রতি স্বাস্থ্য বিভাগের এক ভার্চুয়াল সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে স্থানীয়ভাবে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে রোগী বিভাগীয় শহরে রেফার না করার জন্যও কড়া নির্দেশনা দেওয়া হয়।

বরিশালের সিভিল সার্জন মঞ্জুর ইলাহী বলেছেন, উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে এবং হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave Your Comments