বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী, অনুপস্থিতি নিয়ে অসন্তোষ

Date: 2026-05-19
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বরিশাল কার্যালয়ে মঙ্গলবার সকালে আকস্মিক পরিদর্শন করেছেন রাজিব আহসান। পরিদর্শনকালে সংস্থাটির একাধিক দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সকাল প্রায় সোয়া ৯টার দিকে বরিশাল নৌবন্দরে পৌঁছে প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিএর অধীন চারটি গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি দপ্তরগুলোর কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি হাজিরা খাতা পরীক্ষা করেন। বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেলে তাঁদের বিষয়ে ছুটি ও বিভিন্ন অজুহাত দেখানো হয়।

পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী অভ্যন্তরীণ জাহাজ জরিপ পরিদর্শকের কার্যালয়, ড্রেজার বিভাগ এবং রেস্টহাউস ‘হিমনীড়’ ঘুরে দেখেন। তাঁর আকস্মিক আগমনে দপ্তরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোথাও দপ্তরপ্রধান উপস্থিত থাকলেও কয়েকটি স্থানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিত পাওয়া যায়।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ তৎপরতার অংশ হিসেবে এ ঝটিকা পরিদর্শন করা হয়। প্রতিমন্ত্রীর হঠাৎ সফরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা ও উদ্বেগ দেখা দেয়।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিএর অধীনস্থ সব দপ্তরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য এসেছেন। এটি ছিল পূর্বঘোষণা ছাড়াই পরিচালিত একটি সংক্ষিপ্ত পরিদর্শন।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক সোলায়মান হোসেন জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ রাখতে এবং কোনোভাবেই নৌকায় করে যাত্রী লঞ্চে ওঠানো না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান বিআইডব্লিউটিএ ভবনের নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন তিনি। লঞ্চে ডিজিটাল ভাড়ার তালিকা নিশ্চিত করার তাগিদও দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “আমি যা দেখেছি, আপনারাও একই জিনিস দেখেছেন।” অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। তবে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়ে বলেন, “আমি প্রায়ই আসি।”

Leave Your Comments