নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ীর ওপর হামলা, গাড়ি ভাংচুর

Date: 2026-05-19
news-banner

পুলক রায়,শেরপুরঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী হাজি ফরহাদ হোসেনের ওপর হামলা ও তার ব্যক্তিগত প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির বৈঠকে অংশ নিতে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে হাজি ফরহাদ হোসেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান।

এ সময় সেখানে পূর্ব থেকেই অবস্থান নেওয়া একটি পক্ষের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় ফরহাদ হোসেন ও তার সঙ্গে থাকা একজন সহযোগী আহত হন।
ঘটনার সময় হামলাকারীরা তার ব্যবহৃত ব্যক্তিগত গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে আশ্রয় দেওয়া হয়।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ঘটনায় ফরহাদ হোসেনের পক্ষ থেকে মাসুদ হোসেন তালুকদারসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪–১৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত পক্ষ দাবি করেছে, রাজনৈতিক পরিচয় ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের অভিযোগ, বৈঠকের আড়ালে উত্তেজনা সৃষ্টি হলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে।

তবে ফরহাদ হোসেন দাবি করেন, টিসিবি ডিলারশিপ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments