পল্লবীতে পাশের ফ্ল্যাটে খুন হয় শিশু রামিসা, সন্দেহভাজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

Date: 2026-05-19
news-banner

রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তার-কে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা-কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা জানান, হত্যার পর শিশুটির মাথা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা শৌচাগারে এবং মরদেহের বাকি অংশ খাটের নিচে পাওয়া যায়।

পুলিশ জানায়, অভিযুক্ত সোহেল রানা ওই ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে প্রায় দুই মাস ধরে বসবাস করছিলেন। ঘটনার পর তিনি শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আবদুল হান্নান মোল্লা একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন। পরিবারটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছে।

রামিসার চাচা এ কে এম নজরুল ইসলাম জানান, সকালে স্কুলে যাওয়ার সময় শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পাশের ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে রক্তমাখা বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Leave Your Comments