কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা ২০২৬” উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিস পাপিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ে তথ্য প্রদান ও তাৎক্ষণিক সহায়তা।
বক্তারা বলেন, ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ এক ছাদের নিচে সব ধরনের ভূমি সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা পাচ্ছেন। এতে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে এবং ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে এবং সরকারের ডিজিটাল ও জনবান্ধব সেবা কার্যক্রমের অংশ হিসেবে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।