নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ–ভাঙচুর

Date: 2026-05-21
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ওসমান গণি (৪০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গত বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওসমান গণি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাটি কাটা ও এক্সক্যাভেটর ব্যবহারের আধিপত্য নিয়ে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ওসমান গণির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে রাতের বেলা ওসমান গণির ওপর হামলা চালানো হয়।

স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও দলীয় নেতা-কর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। এ বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটে বলে দাবি তাদের।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave Your Comments