নিয়োগপত্র না পেয়ে শাহবাগে অবস্থান প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের
চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পাওয়ায় উদ্বেগ, পাঁচ দফা দাবি আন্দোলনকারীদের
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত প্রার্থীরা। দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে রোববার বেলা ১১টার পর মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন তারা।
এর আগে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেন তারা।
আন্দোলনকারীরা জানান, চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও অনেক প্রার্থী এখন পর্যন্ত নিয়োগপত্র পাননি। এ অবস্থায় তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করছেন তারা।
‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ নামের একটি প্ল্যাটফর্মের দাবি, ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর নিয়োগের ভেরিফিকেশন-সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ হাজার ৫০০-এর বেশি প্রার্থীর নিয়োগপত্র এখনো ইস্যু হয়নি।
একই ধরনের দাবি করেছে ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’। চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও যারা নিয়োগ থেকে বাদ পড়েছেন, তাদের বাদ দেওয়ার সুস্পষ্ট কারণ জনসম্মুখে প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা বাদে অনুষ্ঠিত ওই পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
পরে ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। একই সঙ্গে জেলা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হলেও বিভিন্ন জেলায় শত শত প্রার্থী তা পাননি বলে আন্দোলনকারীদের দাবি। এ অবস্থায় নিয়োগপত্র পাওয়ার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা।