১০ বছরের সম্পর্কের ইতি, বিবাহবিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের
বিনোদন প্রতিবেদক
দীর্ঘ ১০ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও তার স্ত্রী শেহতাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিবৃতিতে প্রীতম ও শেহতাজ বলেন, একসঙ্গে কাটানো দীর্ঘ সময় এবং অসংখ্য স্মৃতির জন্য তারা একে অপরের প্রতি কৃতজ্ঞ। সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিলেও পরস্পরের প্রতি তাদের যত্ন, শ্রদ্ধা ও সম্মান অটুট রয়েছে।
তারা জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই দুজনের জন্য ভালো হবে। বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে চিন্তাভাবনা করার পর এবং পরস্পরের সম্মতিতেই তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, পরিবারের সমর্থন নিয়ে তারা বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের এই সময়ে তারা একে অপরের প্রতি সম্মান ও সৌহার্দ্য বজায় রাখতে চান।
এদিকে নিজেদের ব্যক্তিগত বিষয়টি নিয়ে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। একই সঙ্গে এ সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর পাশাপাশি সমর্থন ও বোঝাপড়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।