নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার ইউনিক কোম্পানির বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মো. দীপু (২৭) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি ভবনাথপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চুরি, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার জানান, প্রতিটি এলাকায় মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।