আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামি ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের নানামুখী ষড়যন্ত্র ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৪ মে) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ‘ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ইসলামি ব্যাংকিং খাতের বর্তমান সংকটের জন্য তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সাধারণ আমানতকারীদের জমানো টাকার নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের বিশিষ্ট গ্রাহক মো. ইছহাক মুন্সি, ফখরুদ্দিন আহমেদ, হুমায়ুন কবির, আলতাফ হোসেন ও জুলফিকার আলীসহ আরও অনেকে। মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক, ব্যবসায়ী ও ইসলামি ব্যাংকের বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের তীব্র সমালোচনা করে বলেন, "একটি সুনির্দিষ্ট গোষ্ঠী নিজেদের স্বার্থে ইসলামি ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিতে নানামুখী ষড়যন্ত্র ও লুটপাট চালিয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকদের মনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।"
তারা আরও বলেন, "ইসলামি ব্যাংক এদেশের কোটি মানুষের আস্থার প্রতীক। একটি বিশেষ মহল নিজেদের স্বার্থে এই ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করার যে অপচেষ্টা চালাচ্ছে, তা সচেতন গ্রাহকরা কোনোভাবেই মেনে নেবে না।"
মানববন্ধনে উপস্থিত গ্রাহকরা অবিলম্বে ব্যাংকিং খাতে লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।