দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। দুই দিন আগেই ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমার পর আজ সোমবার একই পরিমাণ অর্থাৎ ২ হাজার ১৫৮ টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে।
নতুন দরে ২১ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গতকাল পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। ফলে একদিনে ভরিতে উল্লেখযোগ্য হারে দাম বেড়েছে।
বাজুসের হিসাব অনুযায়ী, ২১ ক্যারেটে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ৪৫৮ টাকা করে দাম বেড়েছে।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপার ভরি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকা।